Breaking News

মুসলমানদের কাছে ক্ষমা চাইল দক্ষিণ আফ্রিকা পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৃথিবীর অনেক দেশেই মসজিদে গিয়ে মুসলমানদের নামাজ আদায় নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকাও তার একটি। কিন্তু নির্দেশনা অমান্য করে কিছু মুসল্লি নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে তাদের গ্রেপ্তার করে দক্ষিণ আফ্রিকার পুলিশ। এ সময় মোহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল এক পুলিশ সদস্য। সেই প্রেক্ষিতে মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছে তারা।

africa policeদক্ষিণ আফ্রিকার কয়েকজন পুলিশ সদস্য

গত শনিবার দেশটির মপুমালাঙ্গা প্রদেশে এই ঘটনা ঘটে। মসজিদে নামাজ আদায় করতে গেলে আটক করা হয় ২৪ মুসলমানকে। এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও রাসূলকে (সা.) নিয়ে করা ওই মন্তব্যে দক্ষিণ আফ্রিকার মুসলমানরা ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। দু’দিন পর সেই ঘটনার জন্য ক্ষমা চাইল দেশটির পুলিশ বাহিনী।

বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার বিষ্ণু নাইডু এক বিবৃতিতে বলেন, মহানবী (সা.)-কে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এজন্য বাহিনীর পক্ষ থেকে মুসলমান ভাইদের কাছে নিঃশর্ত ক্ষমা চাই। অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। মৃত্যুবরণ করেছেন ৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪৭৩ জন। বর্তমানে আক্রান্ত ২ হাজার ৯৮৬। সংকটাপন্ন আছেন ৩৬ জন। গত ৭ মার্চে দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ২৯ মার্চে।

No comments