লকডাউনে শিশুদের বাইরে যাওয়ার অনুমতি দিবে স্পেন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ মার্চ থেকে ঘরে বন্দি স্পেনের শিশুরা। এই পরিস্থিতি তাদের মানসিক স্বাস্থ্যের পর অত্যন্ত বাজে প্রভাব ফেলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে তাদের বাইরে যাওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তাই বলেছেন, ২৭ তারিখের পর শিশুদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
বার্সেলোনার মেয়র অ্যাডা কোলাউ সম্প্রতি সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় বাচ্চাদের বাসায় বাইরে যাওয়ার অনুমতির পক্ষে নিজের মতামত দেন।
করোনাভাইরাস মহামারীতে স্পেনে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। তবে পরিস্থিতি এখন কিছুটা ভালো। শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সানচেজ বলেন, “স্পেন করোনা ভাইরাসের সবচেয়ে বাজে সময় অতিক্রম করে এসেছে এবং এই মারণব্যাধির অভিঘাত থামানো সম্ভব হয়েছে।”
তবে তিনি এও বলেছেন যে, সংসদে তিনি জরুরি অবস্থা মে মাসের নয় তারিখ পর্যন্ত অব্যাহত রাখার আবেদন করবেন; যাতে এতোদিন ধরে করা কষ্ট কোনো দ্রুতগতির সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।
এই মাসের প্রথম দিকে প্রতিদিন এক হাজার করে মানুষ মারা গেছে দেশটিতে। সেই তুলনায় এখন ভাইরাসের সংক্রমণ কিছুটা কম। যা প্রমাণ করে যে দেশটিতে নতুন করে আক্রান্তের হার কমে গেছে।
প্রতিদিন নতুন করে সংক্রমিত হিসেবে চিহ্নিতদের সংখ্যা আপাতত স্থিতিশীল আছে। তারপরও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে যে, অনেক সময় স্থানীয় প্রশাসনের পক্ষে যথাযথ তথ্য পাঠানো সম্ভব হয় না বা দেরি হয়, ফলে আক্রান্তের সংখ্যা কম বলে এখনই খুশি হওয়ার কিছু নেই।
এরপরও বিভিন্ন রাজনৈতিক দল ও অধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে শিশুদের বাইরের বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ছে। অনেকে বলছেন, এক মাসের বেশি সময় ধরে শিশুদের বাসায় রাখার চেয়ে কঠিন কাজ আর নেই। এটা যতোটা শিশুদের জন্য কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাদের পিতা-মাতার জন্য। কারণ তারা চান তাদের শিশুরা তাজা বাতাসে শ্বাস নিক।

No comments